চাকরিতে যোগদানের আদেশ জারির দাবিতে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।
আজ রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১০টা থেকে তারা পূর্বঘোষিত এ অবস্থান কর্মসূচি পালন করছে।
কর্মসূচিতে ‘শিক্ষক নিয়োগে ধীরগতি, মানি না মানবো না’, ‘দেরির বোঝা বইবো না, নিয়োগ ছাড়া ফিরবো না’সহ নানা লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আসতে দেখা যায়। এছাড়াও ‘দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই’সহ নানা স্লোগান দিতে শোনা গেছে।
আন্দোলনকারীরা বলেন, আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি। কিন্তু আমাদের নিয়োগপত্র দিতে দেরী করছে। আমাদের একটাই দাবি, আমাদের নিয়োগপত্র দিতে হবে। আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা ঠিক করে লিখিত স্টেটমেন্ট দেওয়া হোক।
গত ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীরা স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। তবে ফল প্রকাশের আড়াই মাস পেরিয়ে গেলেও তারা এখনও নিয়োগপত্র পাননি।