বাঁধ ভেঙে ডুবছে হাওর, ধান রক্ষায় কৃষকদের লড়াই

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

সুনামগঞ্জের ‘দেখার হাওরের’ গুজাউনি ফসলরক্ষা বাঁধ হঠাৎ ভেঙে যায়। ফলে পানি ঢুকে ফসল ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় বাঁধটি টিকিয়ে রাখতে মাঠে নামেন চার উপজেলার কৃষক। বাঁধটি মেরামত করে বছরের একমাত্র ফসল বোরো ধান রক্ষায় লড়াই করছেন তারা।

শনিবার ভোর রাতে হাওরের দুর্গম ও লোকালয়হীন এলাকায় বাঁধটি ভেঙে যায়। খবর পেয়েই আশপাশের গ্রামের শত শত কৃষক বাঁধটি টিকিয়ে রাখতে মেরামতে নামেন।

সেখানে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন।

কৃষি কার্যালয় জানিয়েছে, এই হাওরে ৪৫ হাজার ৮৫৯ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে ২৫ হাজার হেক্টরের বেশি আবাদ হয়েছে। সদর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার কৃষকরা এখানে বোরো আবাদ করেছেন। বাঁধটি রক্ষা করা না গেলে হাওরের বেশিরভাগ জমিই ডুবে যাবে।

শান্তিগঞ্জ উপজেলার কৃষকদের অভিযো, বড়দই জলমহাল সংলগ্ন স্থানীয় কৈমারা নদীর বাঁধ কেটে গত মাসে মাছ আহরণ করেন বিলের ইজারাদাররা। তারা তখন নদীর বাঁধটি কেটে পানি নিষ্কাশন করে মাছ আহরণ করে। কিন্তু মাছ তুলে নেওয়ার পর বাঁধটি ভালো করে বেঁধে যাননি। ফলে মার্চ মাসের শেষ দিকে টানা বৃষ্টিতে বাঁধটি নড়বড়ে হয়ে যায়।

স্থানীয় কৃষকরা বিষয়টি বারবার প্রশাসন ও পাউবোকে জানালেও তারা গুরুত্ব দেননি বলে জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে পাউবো সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, কৈমারা নদীর পাশের জলাশয়ের ইজারাদার মাছ ধরার পর বাঁধের কাজ ভালো করে করেনি। যার ফলে এই সমস্যা হয়েছে। তবে আমরা ৩০০ বস্তা, বাঁশ দিয়েছি। কৃষকরা এখন বাঁধ রক্ষার কাজ করছেন।

স্থানীয়রা জানায় , সকালে পানির চাপে বাঁধটি ভেঙে গেলে ‘দেখার হাওরে’ পানি ঢুকতে শুরু করে। তখন খবর পেয়ে স্থানীয় কৃষকরা ওড়া, কোদাল, বাঁশ, বস্তা নিয়ে বাঁধ রক্ষার চেষ্টায় নামেন। পরে পাউবোর লোকজনও ছুটে আসেন।

আরও পড়ুন  যেখানে-সেখানে বাঁধ তৈরিকেই ফসলহানির জন্য দায়ী করছেন কৃষকরা
  • ক্ষতির আশঙ্কা
  • ফসল
  • বাঁধ
  • মেরামত
  • সুনামগঞ্জ
  • হাওর