সিলেটে ট্রাক-পিক আপ সংঘর্ষ, ৮ শ্রমিক নিহত

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

সিলেটের দক্ষিণ সুরমার তেলি বাজার ব্রিজে এলাকায় পিক আপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তারা সবাই পিক আপের যাত্রী ছিলেন।

রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫) ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, রোববার সকালে সিলেট থেকে পিক আপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তেলিবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঠালবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। এছাড়া আরও কয়েকজনের অবস্থা গুরুতর, তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরে বেলা ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ট্রাক ও পিক আপের সংঘর্ষে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চারজনের পরিচয় পাওয়া গেছে, বাকিদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করা গেলেও দুর্ঘটনার পর থেকে পিক আপ ও ট্রাকের চালক দুজনেই পলাতক রয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার রিয়াজুল কবির।

আরও পড়ুন  সুনামগঞ্জে অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে বাঁধ ভেঙেছে দুটি, ডুবছে জমির ধান
  • ৮ শ্রমিক
  • ৮ শ্রমিক নিহত
  • ট্রাক-পিক আপ সংঘর্ষ
  • সিলেটে