জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

জামিন পেয়েছেন দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগম (৩৭)। এর আগে বিস্ফোরক আইনের মামলায় তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছিল।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, ‘আদালত পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন।’

তিনি আরও জানান, ‘বেলবন্ড প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। আগামীকাল (বুধবার) সম্পন্ন করা হবে। আশা করি, আগামীকাল বিকেলের মধ্যেই তিনি জেল থেকে মুক্তি পাবেন।’

এর আগে রাজধানীর তেজগাঁও থানায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রী শিল্পী বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত। আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শেখ নজরুল ইসলাম।

কারাগারে পাঠানোর আবেদন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. তাহমিদ মুবিন রাতুল (২১) । বিষয়টি জানাজানি হলে যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমের নির্দেশে ২৩ জুলাই অজ্ঞাতনামা ১২০-১৩০ জন আসামি দেশীয় ধারালো অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে তাঁর বাসায় হামলা চালায় এবং ঘরের আসবাব ও ইলেকট্রনিক জিনিসপত্র ভাঙচুর করে।

আবেদনে আরও বলা হয়, এ ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতিসাধন হয় এবং বাসার বিভিন্ন মালামাল লুটপাট ও চুরি করে নিয়ে যায়, যার মূল্য তিন লাখ টাকা। তারা বাসার সামনে রাস্তার ওপর বোমার বিস্ফোরণও ঘটায় এবং মারধরও করে।

আবেদনে বলা হয়, তদন্তে এই আসামির ঘটনায় জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে ২০ এপ্রিল নিজ বাসা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেন বলে তদন্তে জানা গেছে।

আরও পড়ুন  সালমান শাহ ‘হত্যা’ মামলা: ২৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • জামিন
  • দেড় মাসের শিশুসহ কারাগারে
  • যুব মহিলা লীগ নেত্রী