ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় জামিনে কারামুক্তি পেয়েছেন মানিকগঞ্জের বাউল শিল্পী ও পালাকার আবুল সরকার।
প্রায় ছয় মাস কারাবাস শেষে আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান।
কারাগার থেকে বের হয়ে একটি মাইক্রোবাস করে এলাকা ত্যাগ করেন তিনি। এ সময় পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তবে অসুস্থ থাকায় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
এর আগে ৬ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ আবুল সরকারকে জামিনে মুক্তির আদেশ দেয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুন সাংবাদিকদের বলেন, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
আবুল সরকার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চর তিল্লী গ্রামের বাসিন্দা। তিনি মৃত আমজাদ আলীর ছেলে।
গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার ও মানিকগঞ্জে বাউলশিল্পী ও অনুসারীদের ওপর হামলার প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।