গরমে স্বস্তি পাবেন যেসব খাবারে

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

গরমে ঘামের সঙ্গে দেহের অনেক গুরুত্বপূর্ণ খনিজ উপাদান- সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড বেরিয়ে যায়। ফলে এসময় শরীর সঠিক খাবার ও পুষ্টি না পাওয়া যায় না স্বস্তি। এছাড়াও থাকে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই এ সময় যেসময় খাবার খেলে শরীর ও মনে স্বস্তি পাওয়া যায় তা জানা থাকাটা দরকার। চলুন গরমে যেসব খাবার খাওয়া স্বস্তিদায়ক।

স্টার্চ ও জটিল শর্করা

গরমে শরীর ঠান্ডা রাখতে পানিজাতীয় খাবারের পাশাপাশি যেসব খাবার দেহে পানি ধরে রাখতে সাহায্য করে, সেসবের পরিমাণ বাড়াতে হবে। যেমন জটিল শর্করা ও স্টার্চ—ওটস, লাল চিড়া। এগুলো দীর্ঘক্ষণ দেহকে ঠান্ডা রাখে। এ ছাড়া ইসবগুল, চিয়া সিড, তোকমা দানা, বার্লি এগুলোর ওজনের তিন গুণ পানি শোষণ করে দেহ ঠান্ডা রাখে। 

পানসে সবজি

যেসব সবজিতে পানি বেশি, যেমন লাউ, পেঁপে, চালকুমড়া, পটোল, চিচিঙ্গা, শসা, টমেটো, ধুন্দল—বেশি খেতে হবে। অনেকেই আমরা জানি না যে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলিতে পানির পরিমাণ অনেক বেশি; প্রায় ৯১-৯২ শতাংশ। তাই এসব সবজিও প্রাধান্য দিতে হবে।

পানসে ফল

তরমুজ, নাশপাতি, ডালিম, আপেল, পাকা পেঁপে, ঘরে তৈরি আখের রস, আঙুর, আনারস, কমলা, মাল্টা, স্ট্রবেরি বেশি খেতে হবে। গরমে যখনই ফলের রস খাবেন, সঙ্গে এক টেবিল চামচ তোকমা বা ইসবগুল মিশিয়ে খান; দেহ অনেকক্ষণ ঠান্ডা থাকবে।

প্রোবায়োটিক

গরমে অনেকে রাস্তার পাশে বিভিন্ন পানীয় পান করেন। এতে বিভিন্ন হজমজনিত সমস্যা ও পানিবাহিত রোগ, যেমন টাইফয়েড, হেপাটাইটিস, ডায়রিয়া, আমাশয়, বদহজম ইত্যাদি বেড়ে যায়। তাই প্রোবায়োটিক (উপকারী ব্যাকটেরিয়া) সমৃদ্ধ খাবার, যেমন টক দই, মাঠা, আপেল, ইসবগুল বেশি খেতে হবে। ডাবের পানি, কাঁচা কলা, পেঁপে, চিয়া সিড, আদা, হলুদ চা, জিরাপানি, তুলসী চা, বার্লি, ওটস, মধু ও লাল খাবারও ভালো কাজ করে। ঝিঙে, চিচিঙ্গা, করলা, ধুন্দল, শসা, পটোল ইত্যাদি সবজিও পেটের সমস্যায় বেশ উপকারী।

আরও পড়ুন  উপকারি যত চা

ভিটামিন সি–সমৃদ্ধ টক ফল

গরমে অতিরিক্ত ঘেমে অনেকে ঠান্ডা, সর্দি, কাশি, গলাব্যথায় আক্রান্ত হন। এ সময় ভিটামিন সি-সমৃদ্ধ টক ফল ও সবজি, যেমন কমলা, মাল্টা, আনারস, পেয়ারা, ক্যাপসিকাম বেশ ভালো কাজে দেয়। এ ছাড়া গরম স্যুপ, গ্রিন টি, তুলসী চা, আদা চা বা যেকোনো হারবাল চা সর্দি, কাশি, গলাব্যথা নিরাময়ে বেশ কার্যকর। গরম পানিতে হালকা মধু, আদা, পুদিনা, দারুচিনি, লবঙ্গ ইত্যাদি মসলা দিয়ে খেলেও ভালো ফল পাবেন।

অ্যান্টিব্যাকটেরিয়াল খাবার

গরমে প্রস্রাবের সংক্রমণ খুব হয়। এ ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল খাবার, যেমন দারুচিনি, রসুন, মধু খুব ভালো কাজ করে। পুদিনা ও আদা দেহ ঠান্ডা রাখে। তাই এগুলো খাদ্যতালিকায় রাখতে পারেন।

পাশাপাশি কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরের তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে, সেগুলো এড়িয়ে চলতে হবে। যেমন-

মশলাজাতীয় খাবার, হজমে সমস্যা এমন খাবার, পরিমাণের অতিরিক্ত ডিম, আইসক্রিম ও কোমল পানীয়, ফাস্টফুড, ডুবো তেলে ভাজা খাবার, চা-কফি, দুগ্ধজাতীয় খাবার, স্টেক, তেল-চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত চিনি ও লবণ। এসব খাবারে প্রচুর পরিমাণ শর্করা ও চর্বি থাকায় হজম করতে সময় লাগে। ফলে, এগুলো রক্তচাপকে প্রভাবিত করে, প্রদাহ বাড়ায়।

  • খাবার
  • গরম
  • স্বস্তিদায়ক