বাজারে কিছু সবজির দাম একটু কমলেও রাজধানীর বাজারগুলোতে বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম।
এর আগের সপ্তাহে হঠাৎ দাম বেড়ে গিয়েছিল ডিমের দাম।
রাজধানীর কয়েকটি কাঁচাবাজারে মুরগি, গরুর মাংস ও বেশির ভাগ মাছের দাম আগের সপ্তাহের মতই আছে।
শুক্রবার বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা জানান, ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকা। তবে এক হালি নিলে দাম পড়ছে ৫০ টাকা। পাইকারি পর্যায়ে ডিমের দাম বেড়ে গেছে বলে দাবি বিক্রেতাদের। তাই খুচরা পর্যায়েও বেশি দামে ডিম বিক্রি করতে হচ্ছে।
বিক্রেতারা বলছেন, গরমে ডিম বিক্রি কম হয়। এখন তো ডিম নষ্ট হয় বেশি। কিন্তু ফ্রিজে রাখায় পাইকাররা বাজারে ডিম ছাড়তাছে কম। এ কারণে দাম বেড়ে গেছে।
গত সপ্তাহে হঠাৎই ডিমের দাম ডজনে অন্তত ১০ টাকা বেড়ে ১৩০ থেকে ১৪০ টাকায় পৌঁছায়। প্রতিটি ডিমের দাম ১১ টাকা থেকে রাতারাতি হয়ে যায় ১৩ টাকা। সেই দাম এখনো কমেনি।
অন্যদিকে বাজারে কিছু সবজির দাম আগের সপ্তাহের চেয়ে খানিকটা কম দামে বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা জানান, কয়েক সপ্তাহ ধরে দাম একশ টাকার ঘরে যাওয়া পেঁপে এখন বিক্রি হয় ৮০ টাকা কেজি দরে।
যেসব সবজির দাম কিছুটা কমেছে তার মধ্যে আছে ধুন্দল, ঝিঙা, বেগুন, পটল, কাকরোল, বরবটি, লাউ ও শসা।
তবে আগের সপ্তাহের মত একই দরে বিক্রি হতে দেখা গেছে ঢেঁড়স, আলু ও করলা। কেজি প্রতি ৩০-৪০ টাকা দাম বেড়েছে কাঁচা মরিচের।
আগের সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা কমে গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। আগের সপ্তাহে লম্বা বেগুন ৮০ টাকা কেজি দরে বিক্রি করার কথা জানান বিক্রেতারা।
শুক্রবার সেগুন বাগিচা কাঁচাবাজারে মাঝারি আকারের প্রতিটি লাউ বিক্রি হয় ৪০ টাকা দরে। গত সপ্তাহে একই লাউ বিক্রি হয়েছে ৬০ টাকায়।
আগের সপ্তাহের তুলনায় কেজিতে টমেটোর দাম ৩০ টাকা বেড়ে গেছে। টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তবে আগের সপ্তাহের দরেই ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে পটল।
অন্যদিকে আগের সপ্তাহের তুলনায় ৪০ টাকা কমে প্রতি কেজি দেশি শসা এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
আগের সপ্তাহের মতই বরবটির কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তবে বেড়েছে কাঁচামরিচের দাম। কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ১০০ টাকা বিক্রি হচ্ছে কাঁচামরিচ।
মাছ ও মাংসের দাম গত সপ্তাহের মতই দেখা গেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। আগের সপ্তাহেও দাম ছিল একই রকম।
কাপ্তান বাজারে ছাগলের মাংস আগের দরে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে, খাসির মাংস ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ বাজারে আগের দরেই প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও সোনালি মুরগি ৩৪০-৩৫০ টাকা দরে বিক্রি হয়। এছাড়া মাছের দাম অপরিবর্তিতই রয়েছে।