আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের ২০ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যদিও দেশের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে। আগামীকাল শুক্রবারও তাপমাত্রার তারতম্যের সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।
আজ যে ২০ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তার মধ্যে খুলনা বিভাগের সকল জেলা রয়েছে। খুলনা বিভাগে জেলার সংখ্যা ১০। এছাড়া ঢাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে ৩৬, মাদারীপুর ৩৬, রাজশাহীতে ৩৭, পাবনায় ৩৬ দশমিক ২, সিরাজগঞ্জে ৩৬ দশমিক ১, বান্দরবানে ৩৬, রাঙামাটিতে ৩৬ দশমিক ৬, মুন্সিগঞ্জ ও পটুয়াখালীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকালের তুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজশাহীতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।
ঢাকার তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চলতি মাসের শুরু থেকে দেশে তাপপ্রবাহ শুরু হয়। পরে অবশ্য তা কমে আসে। প্রায় এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছে। এ মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে ।