নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আদমাওয়া রাজ্যের একটি জনপদে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে।
হামলাকারীরা গত রোববার রাতে এলাকাটিতে আক্রমণ চালিয়ে কয়েক ঘণ্টা ধরে এলোপাতাড়ি গুলিবর্ষণে বাসিন্দাদের হত্যা ও সম্পদ বিনষ্ট করে বলে সোমবার স্থানীয় কর্মকর্তারা ও সমাজ নেতারা জানান।
আদমাওয়ার গভর্নর আহমাদু উমারু ফিনতিরি আক্রান্ত গোমবি স্থানীয় সরকারের গুয়াকু এলাকা পরিদর্শনের সময় মৃত্যুর সংখ্যাটি নিশ্চিত করেছেন। সূত্র রয়টার্স।
উমারু নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং ঘটনাটিকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আদমাওয়ায় গত কয়েক বছরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিদ্রোহীরা বারবার হামলা চালিয়েছে। তাদের পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী গোষ্ঠীগুলোও পরিস্থিতির সুযোগ নিয়েছে।
আক্রমণ প্রতিরোধ করতে ও জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে রাজ্য সরকার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে বলে জানান গভর্নর আহমাদু উমারু।