আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে এক মিলিশিয়া বাহিনীর হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছে। শনিবার স্থানীয় ও নিরাপত্তা সূত্রগুলো উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা এ সংবাদ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ওই সূত্রগুলো জানায়, এপ্রিলের শেষে ইতুরি প্রদেশে হামলার এ ঘটনাটি ঘটে। কোডেকো মিলিশিয়া বাহিনীর সঙ্গে জড়িত সশস্ত্র ব্যক্তিরা হামলাটি চালায়। এলাকাটিতে নিরাপত্তার অভাব থাকায় মৃতদেহগুলো কয়েকদিন ধরে পড়েছিল।
নাগরিক সমাজের নেতা দিয়ুদোনে লোসা এএফপিকে বলেন, এপ্রিলের শেষ দিকে কোডেকো যোদ্ধাদের পাল্টা হামলায় ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারান।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুটি নিরাপত্তা সূত্রও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের একজন জানান, নিহতের সংখ্যা অন্তত ৬৯। এর মধ্যে ১৯ জন মিলিশিয়া ও সেনাসদস্যও রয়েছে।
কোডেকো যোদ্ধাদের উপস্থিতির কারণে কয়েকদিন ধরে মরদেহ উদ্ধার বিলম্বিত হয় বলে তারা জানান।
লোসা শনিবার বলেন, কোডেকো সদস্যদের উপস্থিতির কারণে কয়েক দিন ধরে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত মাত্র ২৫টি মরদেহ দাফন করা হয়েছে।
একজন মানবিক সহায়তা কর্মী জানিয়েছেন, বাছা গ্রামের আশপাশে বহু মরদেহ খোলা মাঠে পড়ে ছিল। ওই এলাকাটিও হামলার লক্ষ্যবস্তু ছিল।
শনিবার এর আগে ডি আর কঙ্গোতে থাকা জাতিসংঘ মিশন দেশটির অস্থিরতা কবলিত পূর্বাঞ্চলে বেসামরিকদের লক্ষ্যস্থল করে চালানো ‘প্রাণঘাতী’ হামলার ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছিল।
কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশন মনুস্কো জানিয়েছিল, উত্তর কিভু, দক্ষিণ কিভু ও ইতুরি প্রদেশের এলাকাগুলোতে ‘সম্প্রতি বহু বেসামরিক নিহত হয়েছে’।
বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, মিলিশিয়া বাহিনী ও সেনাবাহিনীর মধ্যে তিন দশক ধরে চলা সংঘাতে অস্থির হয়ে আছে খনিজ সম্পদে সমৃদ্ধ ডি আর কঙ্গো ।