কিলোমিটারে ১১ পয়সা বাড়ল বাস ভাড়া

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে দেশে বেড়েছে বাসের ভাড়া। প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ল করে বাড়ল বাসের ভাড়া। নগর পরিবহনের ভাড়া ৪.৫ শতাংশ এবং দূরপাল্লার বাস ভাড়া ৫.১ শতাংশ বাড়ল।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বৃহস্পতিবার সচিবালয়ে নতুন এই ভাড়ার হার ঘোষণা করেন। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। তবে ন্যূনতম ভাড়া (৮ টাকা ও ১০ টাকা) অপরিবর্তিত থাকবে বলে জানান সেতুমন্ত্রী ।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা হয়েছে। ঢাকার আশপাশের এলাকায় প্রতি কিলোমিটার বাস ভাড়া ২.৩২ টাকা থেকে বেড়ে ২.৪৩ টাকা হয়েছে। এই হিসেবে নগর পরিবহনের ভাড়া ৪.৫ শতাংশ এবং দূরপাল্লার বাস ভাড়া ৫.১ শতাংশ বাড়ল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম দুমাস আগেই বাড়লেও সরকার দেশের বাজারে ভর্তুকি দিয়ে আগের দামেই রেখেছিল তেলের দাম। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় পরিস্থিতি নাজুক হয়ে ওঠে। যার ফলে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয়।

প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোল ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

এরপর বাস ভাড়া পুনর্নির্ধারণের জন্য গত রোববার রাতে বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) । সেখানে দূরপাল্লা ও মহানগরের চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।

সেদিন প্রায় তিন ঘণ্টা বৈঠকের পরও সমঝোতা না হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়। সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

আরও পড়ুন  ডিজেল সংকটে সেচ বন্ধ, কৃষিতে চরম বিপর্যয়ের আশঙ্কা

তিনি বলেন, ‘ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া কার্যকর হবে। চট্রগ্রাম, আন্তঃজেলা ও মহানগর সকল ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। একই সঙ্গে ডিটিসি (ঢাকা ট্রান্সপোর্ট করপোরেশন) এলাকাতেও এই বৃদ্ধি প্রযোজ্য হবে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ‘শিগগিরই’ প্রজ্ঞাপন জারি করে এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেবে।’

  • ১১ পয়সা
  • কিলোমিটারে
  • বাড়ল
  • বাস ভাড়া