নাটকীয়তা শেষে ৩ উইকেটে জিতেছে বাংলার মেয়েরা
ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। পরে শারমিন আক্তারের দুর্দান্ত ফিফটি এবং স্বর্ণা-সোবহানার ক্যামিওতে বড় জয়ের আশা ছিল। কিন্তু শেষদিকে মাত্র ২ রানে বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শ্রীলঙ্কা নারী দল। এতসব নাটকীয়তা শেষে ৩ উইকেটে জিতেছে বাংলার মেয়েরা।
রাজশাহীতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক হাসিনি পেরেরা। বাংলাদেশ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওভার শেষ হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন বাংলাদেশের দুই ওপেনার। এরপর মাঠে নেমে অল্প সময়ের মধ্যেই আউট হন দলনেতা নিগার সুলতানা জ্যোতি। শারমিন সুলতানা শূন্য, জুয়াইরিয়া ফেরদৌস ৫ ও নিগার সুলতানা জ্যোতি ১৩ রানে ফেরেন।
মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। এই দুই ব্যাটার মিলে গড়েন অপ্রতিরোধ্য ৮৭ রানের জুটি। ৫৬ বলে ৪১ রান করার পর রিটায়ার্ট হার্ট হয়ে ক্রিজ ছেড়ে আসেন সোবহানা।
এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান শারমিন। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। ফিফটি পূরণের পর তার ইনিংস থামে ৮৬ রানে। ১২৭ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি ১৩টি চারে সাজানো ছিল।
এরপর মাঠে নামেন স্বর্ণা, রাবেয়া ও রিতুমনি। মাত্র ২ রান তুলতেই সাজঘরে ফেরেন তারা। আউট হওয়ার আগে স্বর্ণা ৩৫, রিতুমনি শূন্য ও রাবেয়া ১ রান করেন। পরে সুলতানা খাতুনকে নিয়ে জয় নিশ্চিত করেন নাহিদা।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিতুমনি। দুটি উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।
ম্যাচে লঙ্কানদের ইনিংসে আসে দুটি ফিফটি। সর্বোচ্চ ৫৪ রান করেন হানসিমা করুনারত্নে। আর ইমেশা দুলানির ব্যাট থেকে আসে ৫২ রান। এছাড়া কাভিশা দিলহারি ৩০, হাসিনি পেরেরা ২৭ ও কৌশানি ১৮ রান করেন। বাকি ব্যাটাররা কেউই দশের ঘর স্পর্শ করতে পারেননি।