দেশের সব প্রাথমিকে শিক্ষার্থীদের বিনামূল্যে বিদ্যালয়ের পোশাক দেবে সরকার। সোমবার ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক সংলাপে এমন উদ্যোগের কথা তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এই পোশাক দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যে কাজ শুরু করেছি। বছরে একবার শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে।’
‘প্রাথমিক শিক্ষা সংস্কার: কৌশলগত পথনির্দেশনা’ শিরোনামে এ সংলাপ আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচি।
এসময় ববি হাজ্জাজ আরও বলেন, ‘বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে ‘মিডডে মিল’ চালু করা হয়েছে। আশা করছি, আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিডডে মিলের’ ব্যবস্থা করতে পারব।’
তিনি বলেন, ‘শিক্ষাখাতের উন্নয়নে থ্রি-সি অর্থাৎ কারিকুলাম, ক্লাসরুম, কনসিসটেন্সি ঠিক করতে হবে। ক্লাসরুমের অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন করতে হবে।’
প্রাথমিক শিক্ষার কারিকুলামে অনেক ঘাটতি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেখতে হবে তারা আসলে কি পড়ছে? পড়াগুলো, ভাষাগুলো তাদের জন্য উপযোগী কিনা। সাবলীলভাবে তারা পড়তে পাড়বে কিনা। কারিকুলাম পর্যালোচনা করে হালনাগাদ করতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাইমারি ও প্রি-পাইমারিতে খেলাধুলাভিত্তিক ও গল্পভিত্তিক শিক্ষা চাই। শিক্ষার্থীরা যেন পড়ার আগ্রহ পায়, এমন কারিকুলাম তৈরি করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেবব্রত চক্রবর্তী।