ইরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে হামলা আরও শক্তিশালী হবে: ট্রাম্প

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসানের জন্য পাকিস্তানের মধ্যস্থতায় আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের মধ্যে সংলাপ। আসন্ন এই সংলাপে ইরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে হামলা আরও শক্তিশালী ও তীব্র হবে বলে নতুন হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘সব মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সেনাসদস্য, গোলাবারুদ, অস্ত্রশস্ত্র…সবকিছু বর্তমানে যে জায়গায় আছে, সেখানেই থাকবে; অর্থাৎ ইরানকে ঘিরে থাকবে। যতদিন পর্যন্ত ইরান একটি সত্যিকার সমঝোতা চুক্তিতে না পৌঁছাচ্ছে— ততদিন এই অবস্থা থাকবে।’

‘আর যদি কোনো কারণে ইরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, যে সম্ভাবনা খুবই ক্ষীণ— তাহলে ফের হামলা শুরু হবে এবং সেই হামলা এত ব্যাপক, শক্তিশালী এবং তীব্র হবে যা কেউ কোনোদিন দেখেনি।’

পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম জানিয়েছেন, সংলাপের উদ্দেশে আজ রাতেই ইসলামবাদের উদ্দেশে রওনা দিচ্ছেন ইরানি প্রতিনিধি দল।

ওয়াশিংটনের ১৫ পয়েন্ট বিশিষ্ট যুদ্ধবিরতি প্রস্তাব এবং ইরানের ১০ দফা দাবি সম্বলিত আরেকটি প্রস্তাব নিয়ে ইসলামাবাদের এই সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সূত্র: রয়টার্স

আরও পড়ুন  চীনে ট্রাম্প, করবেন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক
  • ইরান
  • চুক্তি
  • ট্রাম্প
  • পাকিস্তানের মধ্যস্থতা