সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ২১৫৮ টাকা

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

দেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে। ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে এখন দুই লাখ ৪৫ হাজার ৮১৯ টাকায় দাঁড়িয়েছে। যা গতকাল (রোববার) ছিল দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

সোমবার (৬ এপ্রিল) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ ঘোষণা দিয়েছে। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।

সোনার দামের সঙ্গে কমানো হলো রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়ে ৪ হাজার ৬৪৮ ডলার ছাড়িয়ে গেছে। এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

গত বছরের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে। ২৯ জানুয়ারি সকালে একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুন  টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
  • অর্থনীতি
  • কমেছে
  • বানিজ্য
  • বাংলাদেশ
  • সোনার দাম