নড়াইলে তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে পেট্রল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশিচত করে নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া। এ ঘটনায় পাম্পের আরেক কর্মী গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।
নিহত নাহিদ সর্দার (৩৩) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে ও মের্সাস তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার ও আহত জিহাদুল ইসলাম (২৭) তুলারামপুর গ্রামের জহুরুল মোল্লার ছেলে।
পেট্রোল পাম্পের কর্মচারীরা জানান, সুজাত নামের এক ট্রাকচালক পাম্পে তেল নিতে আসে কিন্তু তেল না থাকায় দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ওই ট্রাকচালক রেগে গিয়ে বলে ‘তোদের পাম্পে তেল আছে, তুই দিচ্ছিস না। তোকে আজকে ট্রাকের তলে চাপা দিব’।
হুমকি দিয়ে চালক পাম্পেই অবস্থান করছিল। রাত সোয়া ২টার দিকে নাহিদ পাম্পের কাজ সেরে তার ভাইয়ের বন্ধু জিহাদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন। এ সময় সুজাতও ট্রাক ঘুরিয়ে তার পেছনে রওনা দেয়।
পাম্পের ক্যাশিয়ার জসিমউদ্দীন বলেন, ‘এসময় আমাদের সন্দেহ হলে আমি আর পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে যাই। গিয়ে দেখি, নাহিদ ভাইকে চাপা দিয়ে চালক ট্রাকটি নিয়ে চলে যাচ্ছে ।’
ঘটনাস্থলেই নিহত হয় নাহিদ এবং জিহাদুল গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, নাহিদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার পক্রিয়া ও তদন্ত চলমান আছে।
তিনি আরও জানান, পাম্পসহ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাতে তেল নিয়ে বিতণ্ডা থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।