সোনার দাম ভরিতে কমেছে ৬,৫৯০ টাকা

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা কমেছে। বিশ্ববাজারে সোনার দাম এখনো কম থাকায় আজ শুক্রবার (২৭) দেশে সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ।

আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ।

এর আগে গত বুধবার সোনার দাম ভরিতে কমেছিল ৫ হাজার ৪৮২ টাকা। সব মিলিয়ে ১২ মার্চ থেকে আজ পর্যন্ত ১৬ দিনে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৫ হাজার ৫৭৫ টাকা কমেছে।

নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা যা গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায় বিক্রি হয়েছে। আর ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা যা গতকাল ছিল ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৬ টাকা কমে নতুন দাম হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে দাম কমে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা যা ছিল ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি ও বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ সবমিলিয়ে সোনার দামে অনেক দিন ধরেই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছিল। বিশ্ববাজারে সোনার দাম গত বছর ৭০ শতাংশের বেশি বেড়েছে। গত জানুয়ারিতে স্পটমার্কেটে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তার প্রভাবে দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা।

আরও পড়ুন  জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের এই অনিশ্চয়তার সময়েও সোনার বাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। সোনার দাম না বেড়ে বরং প্রায় স্থির হয়ে ছিল। ভিন্ন চিত্র দেখা যাচ্ছে গত সপ্তাহের শেষ দিক থেকে। এসময় থেকে পড়তে শুরু করেছে সোনার দাম।

আজ দুপুর সোয়া ১২টায় বিশ্ববাজারের স্পটমার্কেটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৪৬৭ ডলার। এই দাম গতকালের তুলনায় ১ দশমিক ৯৪ শতাংশ বেশি। গত সোমবার স্পটমার্কেটে সোনার দাম একপর্যায়ে কমে ৪ হাজার ১০০ ডলারের ঘরে নেমে যায়, যা কিনা গত ১১ ডিসেম্বরের পর সর্বনিম্ন।

  • অর্থনীতি
  • কমেছে
  • বাংলাদেশ
  • সোনার দাম