ব্রিটিশ রাজা চার্লসের প্রতি কোহিনূর হীরা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন রাজা চার্লস। তার সফরের মাঝেই বুধবার এই মন্তব্য করেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন মেয়র।
এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলায় নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মামদানি বলেন, ‘রাজা চার্লসের সঙ্গে যদি আমার আলাদা করে কথা বলার সুযোগ হয়, তবে আমি তাকে কোহিনূর হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য তাগিদ দেব।’
পরে ওই অনুষ্ঠানে রাজা চার্লসের সঙ্গে মামদানির কথা হয়। তবে মামদানি রাজার কাছে বিষয়টি তুলেছিলেন কি না, সে বিষয়ে তার কার্যালয় কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ১০৫ ক্যারেটের বিখ্যাত এই হীরাটি ফিরিয়ে দেওয়ার জন্য এর আগে বেশ কয়েকবার যুক্তরাজ্যের কাছে দাবি জানিয়েছে ভারত।
১৮৪৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখলের পর সেখানকার ক্ষমতাচ্যুত এক নেতার কাছ থেকে কোহিনূর হীরাটি ছিনিয়ে নেয়। এরপর ১৮৫০ সালে তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেলের উদ্যোগে বিশাল এই হীরাটি রানি ভিক্টোরিয়াকে উপহার দেওয়া হয়।
এর আগে ভারত জানিয়েছিল, এই হীরাটি তাদের ‘দেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি অত্যন্ত মূল্যবান শিল্পকর্ম’।
অনেক ভারতীয় মনে করেন, ব্রিটিশদের কাছে কোহিনূর থাকাটা তাদের ঔপনিবেশিক শাসনামলের নিষ্ঠুরতারই প্রতীক।
হীরাটি ব্রিটিশদের হাতে যাওয়ার আগে ভারতের মুঘল সম্রাট, ইরানের শাহ, আফগানিস্তানের আমির এবং শিখ মহারাজাদের মালিকানায় ছিল বলে জানান ঐতিহাসিক রাজপ্রাসাদ দেখভালকারী দাতব্য সংস্থা ‘হিস্টোরিক রয়্যাল প্যালেসেস’।
সূত্র: রয়টার্স