দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু, ঢাকায়ও হতে পারে

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

গত কয়েকদিনের তাপপ্রবাহ শেষে দেশের বিভিন্ন এলাকায় আজ রোববার স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে। গতকাল শনিবার রাত এবং আজ সকালে রংপুরে বৃষ্টি হয়েছে। এতে গরম কমে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রংপুরের এই মেঘ-বৃষ্টি রাজশাহী ও ময়মনসিংহের দিকে আসতে পারে। এর প্রভাব পড়তে পারে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানেও। রাজধানীতেও বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে আজ বিকেলের দিকে। তবে আগামীকাল সোমবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসের বাকি কয়েকটি দিনও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। ফলে কমে আসতে পারে চলমান তাপপ্রবাহ।

চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়। ৩ এপ্রিল দেশের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ বয়ে যায়। এরপর অবশ্য তাপপ্রবাহ কমে যায় মূলত বৈশাখী ঝড় বেড়ে যাওয়ায়। তবে গত এক সপ্তাহের বেশি সময়ে আবার তাপপ্রবাহ শুরু হয়। একপর্যায়ে ২৪ জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। রাজধানীতেও তাপপ্রবাহ বয়ে যায়। গতকালও রাজধানীতে তাপপ্রবাহ ছিল। জনবহুল এ নগরীর তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল থেকে দেশে বৃষ্টির যে ধারা শুরু হয়েছে, তা এ মাসের শেষ, এমনকি মে মাসের শুরু পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তারা জানান, এতে তাপপ্রবাহ কমে যেতে পারে।

আরও পড়ুন  ২১ জেলায় শৈত্যপ্রবাহ; হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
  • আবহাওয়া
  • কমছে তাপপ্রবাহ
  • বৃষ্টি