চুক্তি ছাড়াই শেষ হলো ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় কোনো চুক্তি হয়নি। যার ফলে দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এবার ঝুঁকির মুখে পড়ল।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়ায় তার প্রতিনিধি দল পাকিস্তান ছেড়ে যাচ্ছে। সূত্র রয়টার্স।

রোববার সকালে ইসলামাবাদে আলোচনা শেষ হওয়ার পর বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘ইরানিদের সঙ্গে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে- এটাই ভালো দিক। তবে খারাপ দিক হলো- আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি, এটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি খারাপ খবর।’

তিনি আরও বলেন, ‘আমাদের রেড লাইন কোনগুলো তা আমরা খুব পরিষ্কার করে জানিয়েছি।’

ভ্যান্স আলোচনায় যে ত্রুটিগুলো ঘটেছে সেগুলো তুলে ধরে বলেন, ইরান মার্কিন শর্ত গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে পারমাণবিক অস্ত্র না বানানোর কথাও ছিল।

সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না আর দ্রুত পারমাণবিক অস্ত্র অর্জনে তাদের সক্ষম করবে এরকম উপায়গুলোর সন্ধান তারা করবে না এমন ইতিবাচক প্রতিশ্রুতি দেখতে চেয়েছিলাম আমরা। এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মূল লক্ষ্য ছিল আর এই আলোচনার মধ্য দিয়ে আমরা এটিই অর্জনের চেষ্টা করেছি।’

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের মধ্যে যে শান্তি আলোচনা হল তা এক দশকেরও বেশি সময় পর ওয়াশিংটন ও তেহরানের সরাসরি প্রথম আর ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক।

চুক্তির বিষয়ে ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত’ দাবির কারণে চুক্তিতে পৌঁছতে বাধা সৃষ্টি হয়ে আলোচনা শেষ হয়ে যায়।

এদিকে ভ্যান্স ইসলামাবাদে সংবাদ সম্মেলন করার আগে এক্স এ এক পোস্টে ইরান সরকার জানায়, আলোচনা অব্যাহত থাকবে এবং উভয়পক্ষের প্রযুক্তি বিশেষজ্ঞরা নথিপত্র বিনিময় করবেন।

আরও পড়ুন  ডাকবাক্সের শেষ চিঠি
  • আলোচনা
  • ইরান-যুক্তরাষ্ট্র
  • চুক্তি
  • জে ডি ভ্যান্স
  • শান্তি আলোচনা