রাজধানীর জলাবদ্ধতা নিরসনে জিয়া সরণি খাল যুক্ত হচ্ছে বুড়িগঙ্গায়

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

বুড়িগঙ্গা নদীর সাথে জিয়া সরণি খালকে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শনা পাওয়ার পর রাজধানীর জলাবদ্ধতা নিরসনে এ পরিকল্পনা নেওয়ার কথা বলেছেন ঢাকা সিটি করপোরেশন-ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

শনিবার দুপুরে জিয়া সরণি খালের বর্তমান অবস্থা ও পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় জিয়া সরণি খাল বুড়িগঙ্গার সঙ্গে সংযুক্ত করার এ কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে।

আবদুস সালাম বলেন, ‘জলাবদ্ধতা নিরসন এবং জনভোগান্তি দূর করতে আমরা এই খালটিকে চলাচলের উপযোগী ও পানিপ্রবাহ সচল করার কাজ শুরু করেছি।’

‘বর্তমানে পানিপ্রবাহের দিক পরিবর্তন করে বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দ্রুততম সময়ে পানি নিষ্কাশন সম্ভব হয়। এই প্রকৌশলগত পরিবর্তনের ফলে নিষ্কাশন পথ কমে আসবে এবং এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর হবে।’

ডিএসসিসির নিজস্ব অর্থে বর্তমানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রাথমিক পরিষ্কার কার্যক্রম চলছে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক।

প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ডিএসসিসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই খালকে বুড়িগঙ্গার সাথে সংযুক্ত করতে ইতোমধ্যে ৩০০ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। জুলাই মাস থেকে স্থায়ী ‘গাইডওয়াল’ নির্মাণ, সৌন্দর্য্যবর্ধন এবং দুই পাশে হাঁটার রাস্তা নির্মাণের কাজ শুরু হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘বিশেষ উদ্যোগে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও পানিপ্রবাহ সচল করার কাজ পুরোদমে শুরু হয়েছে।’

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় জনস্বার্থ রক্ষায় ডিএসসিসি কাজ করে যাচ্ছে। বিগত সরকার কেবল ‘জিয়া’ নামের কারণে জনগুরুত্বপূর্ণ এই খালটি অবহেলা করেছিল, যা অত্যন্ত দুঃখজনক।’

খাল পরিচ্ছন্ন রাখতে স্থানীয় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ময়লা সিটি করপোরেশনের নির্ধারিত ড্রামে ফেলুন। আমরা প্রতিটি ব্লকে সচেতন নাগরিক কমিটি গঠন করব, যারা ডিএসসিসি প্রশাসকের সাথে সমন্বয় করে খালের রক্ষণাবেক্ষণ মনিটর করবেন।’

আরও পড়ুন  দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ, বেড়েছে গরম

পরে জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে প্রশাসক কুতুবখালী খাল পরিদর্শন করেন। এসময় স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলমের উপস্থিতিতে রাজধানীর হাজারীবাগ এলাকায় বিকালে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক।

এসময় মন্ত্রী বলেন, ‘জনগণ সচেতন না হলে কেবল সিটি করপোরেশনের ওপর দায় চাপিয়ে পরিচ্ছন্ন ঢাকা গড়া সম্ভব হবে না।’

  • জলাবদ্ধতা নিরসন
  • জিয়া সরণি খাল
  • বুড়িগঙ্গা
  • রাজধানী