ঈদের সাত দিনের ছুটি শুরু

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

রোজার ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার। প্রিয়জনদের সঙ্গে এই সময় কাটাতে অনেকেই এদিন সকাল থেকে শহর ছাড়ছেন। কেউ খানিকটা সময় নিয়ে পরিবারের সঙ্গে রাজধানীতে ছুটি উপভোগের পরিকল্পনা করছেন।স্বজনদের সঙ্গে ঈদ করতে একদল আবার সোমবার অফিস শেষেই বাড়ির পথে রওনা হয়েছেন।

একারণে সোমবার দুপুরেও সদরঘাট লঞ্চ টার্মিনাল ও দূরপাল্লার বাস টার্মিনালে চিরচেনা ভিড় না থাকলেও বিকাল গড়াতেই যাত্রীদের ভিড় বাড়তে থাকে।

এবছর রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৭দিন করেছে সরকার। শবে কদর ও ঈদের ছুটির মাঝে একদিন কর্মদিবস থাকায় তা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। অবশ্য, বেসরকারি অনেক প্রতিষ্ঠানে আগামীকাল বুধবারও অফিস খোলা থাকবে।

ঈদযাত্রা নিরাপদ করতে সোমবার রাতে এক বার্তায় সরকার বলেছে, “গতি নয়, জীবনই বড়-ধীরে গাড়ি চালান, নিরাপদ থাকুন; হেলমেট ব্যবহার করুন, সিটবেল্ট বাঁধুন-দুর্ঘটনা থেকে বাঁচুন; ক্লান্ত বা ঘুম অবস্থায় গাড়ি চালাবেন না; “গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন; বাসের ছাদে বা ঝুঁকিপূর্ণ স্থানে ভ্রমণ করবেন না।”

দীর্ঘ ছুটিতে বাসায় নগদ অর্থ স্বর্ণালঙ্কার বা গুরুত্বপূর্ণ দলিলাদি ‘অরক্ষিত অবস্থায়’ না রেখে আত্মীয়-স্বজনদের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ঢাকায় কারো স্বজন না থাকলে তা থানায় রেখে যেতে বলেন তিনি।

ঘরমুখো মানুষের ঈদযাত্রা ও ঈদে রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরতে রোববার পুলিশ কর্মকর্তা সরওয়ার বলেন, ঈদ উপলক্ষে নগরবাসীর ঈদযাত্রা সুগম করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। রাজধানীবাসী যেন ‘নিরাপদে ও নির্ভাবনায়’ ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে ডিএমপি ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা’ হাতে নিয়েছে।

নগরবাসীর উদ্দেশে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “নগদ অর্থ স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিল অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলো আপনার আত্মীয়স্বজনের বাসায় রেখে যাবেন।”

আরও পড়ুন  এখনও প্রস্তুত নয় পাটুরিয়া ফেরিঘাট, ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা

ছুটির এ সময় জরুরি প্রয়োজনে ব্যাংকে লেনদেনেরও নির্দেশনা এসেছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক বলেছে, ঈদের দিন ছাড়া আগামী ১৮ ও ১৯ মার্চ শিল্প এলাকার বিশেষ শাখাগুলোতে ব্যাংক খোলা থাকবে।

নির্দেশনা অনুযায়ী, ১৮ মার্চ (বুধবার) এবং ১৯ মার্চ (বৃহস্পতিবার) শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে গ্রাহকদের সঙ্গে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

শ্রমিকদের বেতন, বোনাসসহ পাওনা বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান আরিফুল হক চৌধুরী।

শনিবার রাজধানীর বেইলি রোডে তার সরকারি বাসভবনে তৈরি পোশাক খাত ও অন্যান্য খাতে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন ও বিকেএমইএ নেতারা উপস্থিত ছিলেন।

সেখানে আরিফুল হক বলেন, সংসদীয় এলাকাভিত্তিক ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের দেওয়া হবে। তারা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকার পরও ইউসিবিএল, ট্রাস্ট ও প্রিমিয়ার ব্যাংকসহ যেসব ব্যাংক ঋণ দিতে গড়িমসি করছে, সেগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত ঋণের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।

আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে চট্টগ্রাম বন্দরসহ সকল কাস্টমস হাউজ খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

ঈদের দিন ছাড়া ঈদের ছুটি ও সাপ্তাহিক বন্ধের বাকি দিনগুলোতে কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন খোলা এবং ‘সীমিত আকারে’ আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে ওই নির্দেশনা দিয়েছে কর আদায়কারী সংস্থাটি।