সীমান্তে মাইন বিস্ফোরণে বিচ্ছিন্ন বাংলাদেশি যুবকের পা

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সংলগ্ন নাফনদী জলসীমায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে স্থানীয় এক যুবক গুরুতর আহত হয়েছেন। মোহাম্মদ হানিফ (২২) নামের ওই যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হোয়াইক্যং ইউপির লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত হানিফ ওই এলাকার ফজল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করতেন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

সীমান্তের বাসিন্দাদের নিরাপত্তার দাবি জানিয়ে ২নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, আরকান আর্মি সীমান্ত এলাকায় মাইন পুঁতেছে। এ ঘটনা নতুন নয় এর আগেও একইভাবে অনেকে আহত হয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর আছে।

এর আগে গতকাল রোববার (১১ জানুয়ারি) সকালে হোয়াইক্যংয়ে মিয়ানমারের ওপার থেকে আসা গুলিতে হুজাইফা আফনান নামে এক শিশু গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত আফনান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন  হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: উপদেষ্টা আসিফ নজরুল
  • কক্সবাজার
  • টেকনাফ
  • বিচ্ছিন্ন পা
  • মাইন বিস্ফোরণ
  • মিয়ানমার
  • সীমন্ত