আবারও বাড়ল বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম। প্রতি লিটার ফার্নেস তেলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা করে বাড়ানো হয়েছে। প্রতি লিটারের নতুন দাম এখন ১১৩ টাকা ৫৪ পয়সা।
আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্লাটস রেটের গড় এবং মে মাসে আমদানি করা ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, বিপিসির সরবরাহ করা ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করা হলো।
এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম বাড়ানো হয়েছিল। সেসময় প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম করা হয়েছিল ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা।