আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনুমতি ছাড়া বিশাল জনসভা ও র্যালি করার অভিযোগে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনীতিক থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার বিরুদ্ধে এ মামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় বেআইনি সমাবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে বিজয় এবং তার দলের নেতা এন আনন্দের বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, চেন্নাইয়ের টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’র পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। তবে এই কর্মসূচির জন্য আগে থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি। জনবহুল এলাকায় এই র্যালির কারণে দীর্ঘ যানজট এবং জনদুর্ভোগ তৈরি হয়।
নির্বাচন কমিশনের বিশেষ ফ্লাইং স্কোয়াড কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ের মাম্বালাম থানা পুলিশ বিজয় এবং তার দলের নেতা এন আনন্দের নামে এই মামলাটি দায়ের করে।
র্যালির সময় থালাপতি একটি হুডখোলা গাড়িতে চড়ে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন, যার অনেক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হাজার হাজার ভক্ত ও আলোকসজ্জার কারণে ওই এলাকায় দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ থাকে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ গঠনের ঘোষণা দেন।