অবৈধভাবে খাল দখল আর চলবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৬ মাস আগে

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন যশোরের শার্শায় শহীদ জিয়া স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পরিদর্শন করেছেন। শুক্রবার দুপুরে জেলা ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে খাল পরিদর্শন করেন তিনি।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। এসব খাল খননে কোনো ব্যক্তি বা কোনো দল লাভবান হবে না। খাল খননের মাধ্যমে স্থানীয় পানির সমস্যা সমাধান হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা অবৈধভাবে খাল দখল করেছে। খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগের পাশাপাশি আর কোনো দল বা ব্যক্তি দখল করতে না পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে।’

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী ২৭ এপ্রিল এ খাল খননসহ যশোরে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালটির উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী প্রমুখ।

স্থানীয় বিএনপি ও জেলা প্রশাসন জানায়, বাংলাদেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা দেশে ব্যাপক খাল খনন কর্মসূচি শুরু করেন। ১৯৭৬ সালের ১ নভেম্বর দেশে প্রথম যশোরের শার্শার উলাশী থেকে যদুনাথপুর পর্যন্ত চার কিলোমিটার বিস্তৃত খাল খনন করেন। স্থানীয়রা একে ‘জিয়া খাল’ নামে ডাকেন।

জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দলে দলে স্বেচ্ছাশ্রমে খাল খননে অংশ নেন সাধারণ মানুষ। ৬ মাসে খাল খনন সফল হয়। ৬ মাস পর ১৯৭৭ সালের ৩০ এপ্রিল উদ্বোধন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর উলাশী-যদুনাথপুর খাল খনন কর্মসূচি সফল হওয়ায় বাংলাদেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে জিয়াউর রহমান ১৯৭৭ সালে সারা দেশে ব্যাপক খাল খনন কর্মসূচি শুরু করেন।

আরও পড়ুন  বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

তবে দীর্ঘ ৫০ বছরে উলাশী-যদুনাথপুর খাল সংস্কার না করায় অস্তিত্ব সংকটে পড়েছে। ৫০ বছর পর জিয়াউর রহমানের নিজে হাতে কোদাল নিয়ে খনন করা সেই খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খননের সঙ্গে যশোরের ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ভিত্তি স্থাপন করবেন। এছাড়া এদিন বিকালে শহরের ঈদগা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

  • খাল খনন
  • খাল দখল
  • পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • ফরহাদ হোসেন
  • যশোর