আলোচনা বন্ধ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস।
ওয়াশিংটনে সংবাদমাধ্যম সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলার সময় রিভস এই মন্তব্য করেন।
ব্রিটিশ অর্থমন্ত্রী হিসেবে বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে এটি তার অন্যতম কড়া সমালোচনা।
র্যাচেল রিভস বলেন, ‘প্রশ্নটি এটি নয় যে, আপনি ইরান সরকারকে পছন্দ করেন কি না, ব্যক্তিগতভাবে আমি তাদের একদমই পছন্দ করি না। কিন্তু বড় প্রশ্ন হলো, আপনি যে পরিবর্তনটি চাইছেন তা কীভাবে অর্জন করবেন।’
তিনি আরও বলেন, ‘একটি কূটনৈতিক পথ খোলা ছিল, দুই পক্ষের মধ্যে কথা হচ্ছিল এবং আনুষ্ঠানিক আলোচনা চলছিল।’
রিভস বলেন, ‘কূটনৈতিক আলোচনা বন্ধ করে সংঘাতে জড়িয়ে পড়াটা ভুল ছিল।’
‘কয়েক সপ্তাহ আগে আমরা যতটা নিরাপদ ছিলাম, আজ তার চেয়ে বেশি নিরাপদ, এমনটা আমি অন্তত মনে করি না।’
সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হওয়া শান্তি আলোচনা কোনও সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত চরম আকার ধারণ করেছে।