সিংহারা নদীর সীমানা পিলার স্থাপনের কার্যক্রম উদ্বোধন

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৭ মাস আগে

নীলফামারী জেলার ডিমলা উপজেলার সিংহারা নদীর সীমানা নির্ধারণ ও সংরক্ষণে সীমানা পিলার স্থাপনের কাজ শুরু করা হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

এই উদ্যোগকে নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নদী রক্ষায় প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন এবং সিংহারা নদীকে দখলমুক্ত ও প্রবাহমান রাখতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।

তারা বলেন, দীর্ঘদিন ধরে নদী দখল, ভরাট ও অব্যবস্থাপনার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ প্রেক্ষাপটে সীমানা পিলার স্থাপন কার্যক্রম নদীর প্রকৃত সীমানা নির্ধারণে সহায়ক হবে এবং ভবিষ্যতে অবৈধ দখল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, এই কার্যক্রম বাস্তবায়নের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে, যা কৃষি, মৎস্যসম্পদ এবং স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি নদীভিত্তিক জীবিকা নির্বাহকারী মানুষের জীবনমান উন্নয়নেও এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

অতিথিরা জানান, স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে সিংহারা নদীর পুরো সীমানা জুড়ে পিলার স্থাপন করা হবে। এর মাধ্যমে নদীর সীমানা সুস্পষ্টভাবে চিহ্নিত হবে এবং ভবিষ্যতে নদী ব্যবস্থাপনা, দখলমুক্তকরণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এই উদ্যোগ শুধু সিংহারা নদী নয়, বরং দেশের অন্যান্য নদী সংরক্ষণ কার্যক্রমের জন্যও একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা রাখছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • ডিমলা উপজেলা
  • নদী সংরক্ষণ
  • নীলফামারী জেলা
  • পিলার স্থাপন
  • সিংহারা নদী