মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত মন্ত্রিসভা আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে নিয়ে ছুটির অনুমোদন দিয়েছে। চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে ছয় দিনের সরকারি ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
দেশটিতে সাপ্তাহিক ছুটি দুই দিন—শনি ও রোববার। সে হিসাবে, আগামী ৩০ ও ৩১ মে দেশটিতে সাপ্তাহিক ছুটির দিন। এছাড়া পবিত্র হজের দিন (২৬ মে) দেশটিতে ছুটি থাকবে। সেই সঙ্গে আগামী ২৭ থেকে ২৯ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে।
অর্থাৎ সব মিলিয়ে এবারের ঈদুল আজহা ঘিরে আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন সরকারি ছুটি থাকবে দেশটিতে।
আরব আমিরাতের সরকার জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির সর্বশেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন আরাফাত দিবস। অর্থাৎ দিনটিতে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন পবিত্র হজে অংশ নেওয়া মুসল্লিরা।
অর্থাৎ, আগামী ২৬ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। আর এর পরদিন, অর্থাৎ ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।
সে হিসেবে, বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে ২৮ মে (বৃহস্পতিবার)।
সূত্র: খালিজ টাইমস