সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের সেল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে ওই সেলের প্রধান করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয় এই সেলকে সাচিবিক সহায়তা প্রদান করবে। সেল প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার ক্ষমতা রাখবে।
সেলটি মূলত কর্মসূচির বছরভিত্তিক খনন ও পুনঃখননের কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। এছাড়া বিভিন্ন সরকারি সংস্থার চলমান বা সম্ভাব্য প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মসূচির পর্যবেক্ষণ, উদ্ভূত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে দিকনির্দেশনা প্রদান, জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারণা ও জনসচেতনতা কার্যক্রম গ্রহণ করবে বিশেষ এই সেল। পাশাপাশি খাল খননকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার উদ্যোগও নেবে।
সেলের অন্যান্য সদস্যদের মধ্যে থাকবেন ভূমি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব।
পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, কর্মসূচি শুরু হলে সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি দৃশ্যমান হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এই সেল গঠনের মাধ্যমে সরকার জলসম্পদ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সমন্বিত করার দিকে এক ধাপ এগিয়েছে, যা দেশের জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কৃষি ও পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।