হাজার বছর তথ্য টিকবে নতুন এই কাঁচের স্টোরেজে!

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

হাজার বছরের ইতিহাস এবার এক টুকরো কাঁচে বন্দি হতে যাচ্ছে। তথ্য সংরক্ষণের এক বৈপ্লবিক পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে দাবি তাদের।

ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে লিখেছে, এ পদ্ধতিতে লেজারের সাহায্যে কাঁচের ওপর তথ্যের সংকেত খোদাই করা যায়। এসব তথ্য ১০ হাজার বছরেরও বেশি সময় অক্ষত থাকতে পারে।

আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমান বিশ্বে এখন অনেক বেশি তথ্য তৈরি হচ্ছে। তবে সেসব তথ্য সংরক্ষণ করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটারের বিভিন্ন হার্ডডিস্কও দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে অনেকের ভয়, বর্তমানে যে বিশাল পরিমাণ তথ্য তৈরি হচ্ছে তা হয়ত অদূর ভবিষ্যতে চিরতরে হারিয়ে যেতে পারে।

গবেষকদের ধারণা ছিল, কাঁচের মধ্যে তথ্য জমা রাখা ভবিষ্যতে মানব সভ্যতার জন্য জ্ঞান সংরক্ষণের কার্যকরী উপায় হতে পারে। তবে এখন পর্যন্ত তথ্য কাঁচের ওপর লেখা বা সেখান থেকে পুনরায় উদ্ধারের কাজটি প্রায় অসম্ভব ছিল।

এখন মাইক্রোসফটের ‘প্রজেক্ট সিলিকা’ নামের এক প্রকল্পের আওতায় একদল বিজ্ঞানী বলছেন, বিশেষ এক লেজার ব্যবহার করে এমনটি করার পথ খুঁজে পেয়েছেন তারা। লেজারটি কাঁচের ভেতর ‘ভক্সেল’ নামের ত্রিমাত্রিক পিক্সেল তৈরি করতে পারে, যার মাধ্যমে তথ্য জমা রাখা সম্ভব।

কেবল ১২ বর্গ সেন্টিমিটার আয়তনের ও ২ মিলিমিটার পুরুত্বের ছোট এক কাঁচের টুকরোয় ৪.৮৪ টেরাবাইট তথ্য জমা রাখা সম্ভব। সহজ করে বললে, যা প্রায় ২০ লাখ বই বা ৫ হাজারটি ফোরকে মুভির সমান।

পরীক্ষায় দেখা গেছে, ২৯০° সেলসিয়াস তাপমাত্রাতেও এ স্টোরেজ বা তথ্যভাণ্ডার প্রায় ১০ হাজার বছর পর্যন্ত টিকে থাকতে পারে। বিজ্ঞানীরা বলছেন, সাধারণ কক্ষ তাপমাত্রায় তা সম্ভবত আরও বেশি সময় অক্ষত থাকবে।

তবে তারা সতর্ক করে বলেছেন, এ কাঁচ যান্ত্রিক চাপ, যেমন জোরে আঘাত বা ভেঙে যাওয়া বা রাসায়নিক ক্ষয়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনটি হলে কাঁচের গুণমান নষ্ট হওয়ার পাশাপাশি ভেতরে জমা থাকা তথ্যও হারিয়ে যেতে পারে।

আরও পড়ুন  ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, আহত একাধিক

এ গবেষণা দলের বাইরের বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার মানবজাতির ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে, ঠিক যেভাবে অতীতে তথ্য সংরক্ষণের অন্যান্য পদ্ধতি, যেমন কাগজ বা ছাপাখানা সভ্যতাকে বদলে দিয়েছিল।

এ সংশ্লিষ্ট এক নিবন্ধে গবেষক ফেং চেন ও বো উ লিখেছেন, “বড় পরিসরে এ প্রযুক্তির (সিলিকা) বাস্তবায়ন করা গেলে তা জ্ঞান সংরক্ষণের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে, ঠিক যেমনটি ছিল প্রাচীন হাড়ের লিপি, মধ্যযুগীয় পার্চমেন্ট বা আধুনিক হার্ড ড্রাইভ।

“একদিন হয়ত কাঁচের কেবল একটি টুকরো হাজার বছর ধরে মানব সংস্কৃতি ও জ্ঞানের মশাল বহন করবে।”

‘লেজার রাইটিং ইন গ্লাস ফর ডেন্স, ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট আর্কাইভাল ডেটা স্টোরেজ’ শিরোনামে গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ।

প্রতিবেদনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে নেওয়া

  • কাঁচ
  • স্টোরেজ
  • হাজার