‘ব্যানার চুরি ঠেকাতে’ সিসিটিভি!

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে একটি ভোটকেন্দ্রের পাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, নির্বাচনী প্রচারণার ব্যানার চুরি ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিরাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। ওই আসনে জামায়াতের প্রার্থী মো. ছাইফ উল্যাহ। জামায়াত প্রার্থীর ব্যানারটি দুটি খুঁটিতে স্থাপনের পর এর ওপরের অংশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়।

জামায়াতের নেতা-কর্মীরা জানান, ওই এলাকায় জামায়াতের প্রার্থীর বেশ কটি ব্যানার চুরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনকেও লিখিতভাবে জানানো হয়। তবে সমাধান না পেয়ে গতকাল নতুন ব্যানার স্থাপনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে, যাতে ব্যানারে সার্বক্ষণিক নজরদারি রাখা যায়।

নোয়াখালী জেলা উত্তর শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে এবং চুরি করা হচ্ছে। আমিরাবাদ কেন্দ্রের সামনে কয়েকবার এমন ঘটনা ঘটেছে। তাই ব্যানার চুরি ঠেকাতে সেখানে সিসিটিভি বসানো হয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি স্থানে বসানো হবে।’

একই কথা বলেন নোয়াখালী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ছাইফ উল্লাহ। তিনি বলেন, ‘ব্যানার চুরি ও ছিঁড়ে ফেলার বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে। কিন্তু সেটি বন্ধ হয়নি। তাই বাধ্য হয়েই ব্যানারের ওপর সিসি ক্যামেরা বসিয়েছি।’

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আকতার বলেন, নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলাসহ যত ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তার কাছে এসেছে, তিনি তাৎক্ষণিক সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। আমিরাবাদ কেন্দ্রের সামনে ব্যানারে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি তার জানা নেই।

প্রতিবেদনটি প্রথম আলো ডটকম থেকে নেওয়া

আরও পড়ুন  আজও চলছে কর্মবিরতি, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা