ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ, আহত একাধিক

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে আন্দেলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতা-কর্মীসহ পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালনকারী আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাওয়ার চেষ্টাকালে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বিপরীতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগের দিকে এবং অন্য একটি অংশ বাংলামোটরের দিকে সরে যায়।

এর আগে শুক্রবার সকাল থেকেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মিন্টো রোডের প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর সেখানে জমায়েত আরও বাড়তে থাকে। আন্দোলনকারীরা যাতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে না পারেন, সেজন্য মিন্টো রোডের প্রবেশমুখে আগে থেকেই ব্যারিকেড দিয়ে শক্ত অবস্থান নেয় পুলিশ। পরে বিকেল পৌনে ৪টার দিকে আন্দোলনকারীরা পুলিশের সেই ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতির অবনতি ঘটে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

আরও পড়ুন  দেশের ধনী জনগোষ্ঠীদের মধ্যে ঘুষ দেওয়ার প্রবণতা বেশি: বিবিএস
  • আহত
  • ইনকিলাব মঞ্চ-পুলিশ সংঘর্ষ
  • হাদি হত্যা