৮ ফেব্রুয়ারি মাঠে নামবেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জনপ্রশাসনের এক হাজার ৫১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব কর্মকর্তাদের নিয়োগ প্রদান করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’-এর ৫ ধারা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রাপ্ত হবেন। তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স—বিশেষ করে বিজিবি ও কোস্ট গার্ডের সাথে নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রম সংক্রান্ত মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে যে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বৃহস্পতিবার সকাল ১০টায় এবং খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামে নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের নিকট যোগদান করবেন। জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসাররা এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনার অধিক্ষেত্র নির্ধারণ ও দায়িত্ব বণ্টন করবেন।

আরও পড়ুন  জামিন পেলেন চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ‘জুলাই যোদ্ধা’ সুরভী
  • ভোট