ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ধানের শীষ জয়ী হলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

এসময় তারেক রহমান বলেন, ‘আজকের এই নির্বাচনি জনসভায় আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যার সমাধান হয়, তবে বিএনপি তা করবে। আপনাদের মাঝ থেকে ফরিদপুরকে বিভাগ ও সিটি কর্পোরেশন ঘোষণার দাবি উঠেছে। আমি কথা দিচ্ছি, আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে এসব দাবি বাস্তবায়নের দায়িত্ব বিএনপির।’

তিনি আরও বলেন, ‘এই এলাকার অন্যতম প্রধান সমস্যা নদী ভাঙন। কৃষিপ্রধান এই অঞ্চলে নদী ভাঙন রোধ করতে পারলে বৃহত্তর ফরিদপুরের সোনালী আঁশ পাট বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।’

বুধবার দুপুর আড়াইটার দিকে তারেক রহমান হেলিকপ্টারযোগে সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এরপর সেখান থেকে গাড়িবহর নিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে জনসভা মঞ্চে উপস্থিত হন। বিকেল ৩টা ২১ মিনিটে তিনি তার বক্তব্য শুরু করেন।

এসময় তারেক রহমান ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, ‘এরাই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা আপনাদের এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নির্বাচিত হলে তারা আপনাদের সেবায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন।’

বক্তব্যে তারেক রহমান আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের জন্য নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

কৃষক ও নারীদের জন্য বিশেষ সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ‘কৃষক কার্ড’ দেব। এর মাধ্যমে সার ও বীজ সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় বিধায় খেটে খাওয়া পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। বেকারত্ব দূর করতে প্রতিটি এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা স্থাপন করা হবে যাতে যুবসমাজ সম্মানের সাথে বাঁচতে পারে।’

আরও পড়ুন  সড়কে তল্লাশি, মোটরসাইকেল চলাচলে কড়াকড়ি

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার মনোনীত প্রার্থীরা।

  • তারেক রহমান
  • নির্বাচন
  • ফরিদপুর