জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার আশুলিয়ায় ছয়জনের মরদেহ ভ্যানে স্তূপ করে পুড়িয়ে ফেলাসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এ মামলায় বর্তমানে আটজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা ডিবি পুলিশের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক এসআই আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।
আসামিদের মধ্যে শেখ আবজালুল হক রাজসাক্ষী হয়ে শহীদদের পরিবার এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করে জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ এ মামলার বাকি আট আসামি এখনো পলাতক রয়েছেন।
উল্লেখ্য যে, গত ১৪ সেপ্টেম্বর মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় সংঘটিত সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিশদ বর্ণনা তুলে ধরেন। তিনি সাংবাদিকদের জানান, সেদিন ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর পুলিশ তাদের মরদেহ ভ্যানে স্তূপ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এমনকি ঘটনাস্থলে একজন জীবিত থাকলেও তাকে নিষ্ঠুরভাবে প্রাণ দিতে হয়েছে।