শুরু হলো ভাষার মাস

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ফেব্রুয়ারির প্রথম দিনটি আমাদের কাছে কেবল ক্যালেন্ডারের একটি পাতা পরিবর্তন নয়, বরং হৃদয়ে সেই অমর সুর—”আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”—বেজে ওঠার ক্ষণ। আজ রবিবার শুরু হলো বাঙালির শৌর্য ও ত্যাগের সেই মাস। পুরো মাসজুড়ে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে ভাষা শহীদদের। ১৯৫২ সালের এই মাসেই ঔপনিবেশিক প্রভুত্ব আর শোষণের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল বাঙালি, যা আমাদের জাতীয় চেতনার প্রথম উন্মেষকাল হিসেবে স্বীকৃত।

১৯৫২ সালের ২১ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তে। তাদের সেই আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি মাতৃভাষার মর্যাদা। এই আন্দোলনই পরবর্তীতে বাঙালির স্বাধিকার আন্দোলনের বীজ বপন করে এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনে মূল প্রেরণা হিসেবে কাজ করে।

ফেব্রুয়ারি মাসটি একদিকে যেমন শোকাবহ, অন্যদিকে বাঙালির জন্য এটি এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বায়ান্নের সেই ফাগুনে গণমানুষের মুষ্টিবদ্ধ হাত আর ভাষার দাবি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। বাঙালির অস্তিত্ব রক্ষার সেই লড়াই অবাক বিস্ময়ে দেখেছিল বিশ্ববাসী।

প্রতিবছর এ মাসজুড়ে থাকে নানা সাংস্কৃতিক আয়োজন। তবে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা’ এ বছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে না; অনিবার্য কারণে মেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, ১৯৯৯ সালে জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনেস্কো মহান একুশের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে একে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। ফলে আজ এই দিনটি কেবল আমাদের নয়, বরং সারা বিশ্বের কাছে মাতৃভাষা রক্ষার এক অনন্য প্রতীক।

আরও পড়ুন  সিরিয়া থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র
  • ফেব্রুয়ারি
  • ভাষা