ভরিতে ১৪ হাজার কমলো সোনার দাম

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

একটানা দাম বাড়ার পর অবশেষে সোনার ক্রেতাদের জন্য দীর্ঘদিন পর এলো সুখবর। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমেছে। ফলে ভালো মানের সোনার দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে এসেছে।

৩০ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

এর আগে টানা পাঁচবার দাম বেড়ে শেষবার গতকাল বৃহস্পতিবার দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল। বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম ছিল এটি।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে।

দেশের বাজারে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

সোনার দামের সঙ্গে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারেও কমেছে সোনার দাম। শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২০০ ডলারে নেমে এসেছে। যা গতকাল ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে এ তথ্য।

আরও পড়ুন  রোজায় ‘সুলভ মূল্যে’ দুধ, ডিম, মাছ, মাংস পাবে ১০ লাখ পরিবার
  • কমেছে
  • দাম
  • বাংলাদেশ
  • সোনা