২০ বছর পর রাজশাহীতে গেছেন তারেক রহমান আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে রাজশাহীতে পৌঁছান তারেক রহমান। এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা তাদর আমন্ত্রণ জানান।
এরপর তিনিরাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় যান। দুপুর ২টায় তারেক রহমান মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানান; তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
রাজশাহী বিমানবন্দর থেকে সমাবেশস্থলে যাওয়ার আগে তিনি সুফি সাধক শাহ মখদুম (র.) এর মাজার জিয়ারত করেন।
এর আগে সকাল সাড়ে ১১টায় কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। বেলা সাড়ের ১২টার মধ্যে মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়। আশপাশের মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মী-সমর্থকরা এই সমাবেশে আসেন মিছিল নিয়ে।
এর বাইরে নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে করে দলীয় নেতা-কর্মীরা এসেছেন।
মঞ্চের দুই দিকে বড় পর্দা এবং মাঠের কোণায় আরও দুটি বড় পর্দা টানানো হয়েছে, যাতে মঞ্চের চিত্র দেখা যায়।
এ জনসভায় অংশ নিচ্ছেন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থীরা। তারা হলেন— শরীফ উদ্দীন (রাজশাহী-১), মিজানুর রহমান মিনু (রাজশাহী-২), মোহাম্মদ শফিকুল হক মিলন (রাজশাহী-৩), ডি এম ডি জিয়াউর রহমান (রাজশাহী-৪), নজরুল ইসলাম, আবু সাইদ চাঁদ (রাজশাহী-৫); শাহ্জাহান মিঞা (চাঁপাইনবাবগঞ্জ-১), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩); ফারজানা শারমীন (নাটোর-১), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), আনোয়ারুল ইসলাম (নাটোর-৩) ও আব্দুল আজিজ (নাটোর-৪)।
মাদ্রাসা মাঠের সমাবেশ শেষ করে তারেক রহমান সড়কপথে যাবেন নওগাঁতে। বিকাল সাড়ে ৫টায় শহরের এটিম মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য বিএনপি চেয়ারম্যানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর রাত সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চলের তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার যাবেন রংপুর। পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারতের পর সেদিন বিকালে রংপুর ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
এরপর শনিবার দুপুরে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে এবং বিকালে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তার নির্বাচনি জনসভা রয়েছে। এ সফর কালে বিএনপি চেয়ারম্যান দুইদিন বগুড়ায় হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।
সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের পর গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেদিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জে ৭টি সমাবেশ করেন তিনি। এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান বিএনপি চেয়ারম্যান। সেদিন চট্টগ্রামসহ ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।
একদিন বাদে মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিভাগীয় জনসভা করেন তিনি। তারেক রহমান সেদিন গাজীপুর ও ঢাকার উত্তরায় আরও দুটি সমাবেশে বক্তৃতা করেন।