‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’ স্লোগানে ডেনমার্কে বিক্ষোভ

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ট্রাম্পের আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রতিবাদে নানা স্লোগানে বিক্ষোভে নেমেছে ডেনমার্কের হাজার হাজার মানুষ। শনিবার (১৭ জানুয়ারি) গ্রিনল্যান্ডের প্রতি সংহতি প্রকাশ করে সমবেত হয়েছেন তারা।

‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’ বলে স্লোগান দিয়ে এবং গ্রিনল্যান্ডের লাল-সাদা ‘এরফালাসরপুট’ পতাকার পাশাপাশি ‘গ্রিনল্যান্ড থেকে হাত সরিয়ে নাও’ স্লোগান সংবলিত ব্যানার হাতে বিক্ষোভকারীরা কোপেনহেগেনের সিটি হল স্কয়ারে জড়ো হন। এরপর সেখান থেকে তারা মার্কিন দূতাবাসের অভিমুখে এগিয়ে যান।

বিক্ষোভের সময় গ্রিনল্যান্ডবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানিয়েছেন তারা।

এদিকে ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদের বিশাল ভাণ্ডারের কারণে এটি মার্কিন নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এটি দখল করার জন্য শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি। এমন পরিস্থিতির প্রেক্ষাপটে, ডেনমার্কের অনুরোধে ইউরোপীয় দেশগুলো এই সপ্তাহে গ্রিনল্যান্ড দ্বীপে সামরিক কর্মী পাঠিয়েছে।

বিশ্ববাসীকে জেগে উঠার বার্তা দিয়ে ডেনমার্কে গ্রিনল্যান্ডবাসীদের সংগঠন ‘উয়াগুত’-এর চেয়ারম্যান জুলি রাডেমাকার বলেন, ‘গ্রিনল্যান্ডবাসী হিসেবে আমরা যে বিশাল সমর্থন পাচ্ছি তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা বিশ্বের কাছে এই বার্তাও পাঠাচ্ছি যে আপনাদের সবাইকে জেগে উঠতে হবে।’

গ্রিনল্যান্ডের পার্লামেন্টে নির্বাচিত পাঁচটি রাজনৈতিক দলই শেষ পর্যন্ত স্বাধীনতার পক্ষে থাকলেও এই পদক্ষেপের সময়সীমা নিয়ে তাদের মধ্যে মতভেদ রয়েছে। তবে দলগুলো সাম্প্রতিক দিনগুলোতে স্পষ্ট জানিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদানের চেয়ে তারা বরং ডেনমার্কের অংশ হিসেবে থাকতেই পছন্দ করবে।

একটি জরিপে দেখা গেছে যে মাত্র ১৭ শতাংশ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টাকে সমর্থন করেছেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের একটি বিশাল অংশ এই দ্বীপ দখলে সামরিক শক্তি ব্যবহারের বিরোধিতা করেছেন, তবে ট্রাম্প এই জরিপকে ‘ফেইক’ বলে অভিহিত করেছেন।

কয়েক শতাব্দী ধরে কোপেনহেগেন থেকে শাসিত গ্রিনল্যান্ড ভূখণ্ড ১৯৭৯ সাল থেকে স্বায়ত্তশাসন ভোগ করে আসলেও এটি এখনও ডেনমার্ক রাজতন্ত্রের অংশ হিসেবে রয়ে গেছে।

আরও পড়ুন  ভূখণ্ড ছাড়তে হলেও যুদ্ধের অবসান চান ইউক্রেনের মানুষ !
  • গ্রিনল্যান্ড
  • ডেনমার্ক
  • দখল
  • বিক্ষোভ
  • হুমকি