কণ্ঠযোদ্ধা মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

মারা গেছেন একাত্তরের কণ্ঠযোদ্ধা ও লোকসংগীতশিল্পী মলয় কুমার গাঙ্গুলী। গতকাল রাত ৯টা ২০ মিনিটে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তবলাশিল্পী পল্লব স্যানাল বিষয়টি গনমাধ্যমকে জানিয়েছেন।

মৃত্যুকালে মলয় কুমার গাঙ্গুলীর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি।

গতকাল রাত ২টায় তাঁর মরদেহ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। মলয় কুমার গাঙ্গুলীর একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন, আজ রাতে মেয়ে ফেরার পর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

১৯৪৬ সালে নেত্রকোনার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে জন্ম মলয় কুমার গাঙ্গুলীর। একাত্তরে কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন মলয় কুমার গাঙ্গুলী। বেতারকেন্দ্রে এস এম আবদুল গণি বোখারীর লেখা ও সুরে ‘ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর’ গানে এককভাবে কণ্ঠ দেন তিনি।

এছাড়াও ‘পুত্রবধূ’ সিনেমায় ‘গুরু উপায় বলো না’ গানটি গেয়ে শ্রোতামহলে সাড়া ফেলেছিলেন মলয় কুমার গাঙ্গুলী। ‘আমার মনতো বসে না’সহ বেশ কয়েকটি সিনেমার গান গেয়েছেন তিনি।

তার আলোচিত গানের মধ্যে উল্লেখযোগ্য আরও একটি গান হলো ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’। এই গানটির সুরকার তিনি, গেয়েছেনও তিনি। হাসান মতিউর রহমানের লেখা এ গানটি পরবর্তী সময়ে সাবিনা ইয়াসমীনও গেয়েছেন।

আরও পড়ুন  নায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • একাত্তরের কণ্ঠযোদ্ধা
  • বিনোদন
  • মলয় কুমার গাঙ্গুলী
  • মারা গেছেন
  • লোকসংগীতশিল্পী