পে-স্কেলের বিষয়ে পে কমিশনের নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে, প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

‘কমিশনের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। বিভিন্ন পক্ষ থেকে কমিশনের কাছে মতামত ও প্রস্তাব দেওয়া হয়েছে। কেউ লিখিতভাবে, কেউ সরাসরি সাক্ষাৎ করে তাদের বক্তব্য তুলে ধরেছেন। সব দিক বিবেচনা করেই সুপারিশ তৈরি করা হচ্ছে।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এসময় তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের বিষয়ে কমিশনের প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।

পে-স্কেলের অগ্রগতি নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পে স্কেলটা নিয়ে পে কমিশন কাজ করছে। একেবারে একদম থেমে নেই তারা। আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কী করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না।’

নির্বাচনের আগে পে-স্কেল দেওয়া সম্ভব নয় এবং এটি পরবর্তী সরকারের আমলে হতে পারে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘পে স্কেলে গভর্নরের কিছু নেই। গভর্নর ব্যাংক সংক্রান্ত বিষয়ে মতামত দিতে পারেন। পে-স্কেল সরকারের সিদ্ধান্ত।’

বর্তমান সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন করে যেতে পারবে কি না- এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এখন ২১ জন সদস্য, তারা সব কিছু বিচার বিশ্লেষণ করে, সেটার সঙ্গে সঙ্গে আবার বিচার বিভাগ প্রতিবেদন আলাদা। আবার ডিফেন্সের জন্য একটা উপ কমিটি তো আছে।’

উল্লেখ্য, গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যবিশিষ্ট পে কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন  ভূখণ্ড ছাড়তে হলেও যুদ্ধের অবসান চান ইউক্রেনের মানুষ !
  • অর্থ উপদেষ্টা
  • ড. সালেহউদ্দিন আহমেদ
  • পে কমিশন
  • পে-স্কেল