মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হয়েছে। এতে দেশের বাজারে স্মার্টফোনের দাম কমবে বলে আশা করা যাচ্ছে। ব্যবসায়ীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ফোন আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত দুটো আলাদা প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে মুঠোফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমানো হলো।
শুল্ক কমানোর ফলে সরাসরি মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, অগ্রিম কর ও ভ্যাটের পরিমাণ মোট ৬১ দশমিক ৮০ শতাংশ থেকে ৪৩ দশমিক ৪৩ শতাংশে নেমে এল।
ফলে আমদানি করা ৩০ হাজার টাকার বেশি দামের স্মার্টফোনে সাড়ে ৫ হাজার টাকা সাশ্রয় হবে বলে আশা করছে এনবিআর।
এনবিআর আরও জানায়, মোবাইল ফোন সংযোজনকারী কোম্পানির আমদানি করা উপকরণের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে দেশে সংযোজন করা ৩০ হাজার টাকার বেশি দামের মোবাইলে ফোনে দেড় হাজার টাকা সাশ্রয় হবে।
চলতি বছরের প্রথম দিন দাম কমিয়ে আনতে দেশে উৎপাদিত ফোনের যন্ত্রাংশ ও আমদানি করা মোবাইল ফোনে শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার’ বা এনইআইআর চালুর উদ্যোগ ঘিরে ব্যবসায়ীদের আন্দোলন ও দাবির মধ্যে ১ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় শুল্ক ছাড়ের এ সিদ্ধান্ত হয়।
এনবিআর বলছে, ‘উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের ফলে সকল ধরনের মোবাইল ফোনের মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং দেশের নাগরিকগণের পক্ষে ডিজিটাল সেবা গ্রহণ সহজতর হবে মর্মে সরকার আশা করে।’
এনইআইআর পদ্ধতি চালু করতে সরকারের উদ্যোগের মধ্যে মোবাইল ফোন আমদানিতে ‘উচ্চ শুল্কের’ বিষয়টি আলোচনায় আসে। কর ফাঁকি বন্ধের পাশাপাশি নিম্নমানের ফোন দেশে ঢোকা বন্ধ করতে সরকার হ্যান্ডসেট নিবন্ধনের এনইআইআর পদ্ধতি চালু করেছে।
যার ফলে দেশে অবৈধ পথে আসা বা অবৈধভাবে বিদেশ থেকে নিয়ে আসা ফোনগুলো আর ব্যবহার করা যাবে না।