স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে টানা দ্বিতীয়বার হেরেছে রিয়াল মাদ্রিদ। বিষয়টা হতাশাজনক। তবে এই হার এবার অন্যভাবে তীব্র সমালোচনার মুখে ফেলেছে রিয়াল মাদ্রিদকে। ম্যাচের পর সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে প্রথাগত সম্মান বা ‘গার্ড অব অনার’ দেয়নি রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এস্পোর্ত থ্রি’র করা ম্যাচ শেষের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’দিতে নিজ দলের খেলোয়ারদের নিষেধ করছেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে!
হাঁটুর চোটের কারণে গতকাল রাতে ম্যাচটিতে এমবাপ্পে’র জায়গায় খেলেন গনসালো গার্সিয়া। তবে বিরতির পর এমবাপ্পেকে নামালেও ম্যাচের মোড় ঘোরাতে পারেননি। যদিও শেষ দিকে একটি ফাউল আদায় করেছেন। যেকারণে বার্সেলোনার ফ্রেঙ্কি দে ইয়ং ৯০ মিনিটের দিকে লাল কার্ড দেখেন। তাতেও লাভ হয়নি। ৩-২ গোলে ম্যাচটি জিতেছে বার্সেলোনা।
এরপরই দেখা যায় এক নাটকীয় দৃশ্য। স্প্যানিশ ফুটবলের নিয়ম হলো, জয়ী দলকে বিজয়ী মঞ্চে যাওয়ার সময় পরাজিত দলের খেলোয়াড়রা দুই সারিতে দাঁড়িয়ে তালি দিয়ে সম্মান জানানো, যাকে বলা হয় ‘পাসিও’। এসময় শিষ্যরা বার্সাকে সেই সম্মানটুকু দিক কোচ জাবি অলনসো এটি চাইলেও ‘এস্পোর্ত থ্রি’র ফুটেজে দেখা যায়, এমবাপ্পে সতীর্থদের ডাগআউটের দিকে নিয়ে যাচ্ছেন।
ফুটেজে আরও দেখা যায়, যখন তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিও যখন বার্সাকে গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন এমবাপ্পের চোখেমুখে ছিল চরম বিরক্তি।
এছাড়াও রানার্স আপ পদক নেওয়ার পর ক্যামেরায় স্পষ্ট দেখা যায়, এমবাপ্পে সতীর্থদের ইশারায় বলছেন বার্সাকে সম্মান জানাতে লাইনে না দাঁড়াতে। ফলে তার কথায় রিয়ালের কোনো খেলোয়াড়ই বার্সাকে প্রথাগত সম্মান জানাননি।
অন্যদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পের এই আচরণকে ‘অখেলোয়াড়সুলভ’ মনে করছেন বার্সার সমর্থকরা।