নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিন ছিল আজ শুক্রবার (৯ জানুয়ারি) । এ দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী ইসিতে আপিল করেছেন।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রীয় আপিল বুথ থেকে জানা গেছে এ তথ্য। জানা গেছে, আপিলের নির্ধারিত সময় বিকেল ৫টা পেরিয়ে গেলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল বুথে চলেছে আবেদন গ্রহণ।
কেন্দ্রীয় বুথের দায়িত্বপ্রাপ্তরা জানান, শেষ দিনে সকাল থেকেই মনোনয়নপ্রার্থীদের ভিড় ছিল। আপিলের নির্ধারিত সময় বিকেল ৫টা পেরিয়ে গেলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত আপিল বুথে চলেছে আবেদন গ্রহণ।
ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি। শুনানি কার্যক্রম আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিল আবেদনের শুনানি নেওয়া হবে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন।
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তার আগে নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।