সচিবালয়ে বৈঠকে নবম জাতীয় পে-স্কেলের সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে পে-কমিশন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পে-স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় প্রস্তাবিত এই তিন প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করা হবে।
পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে পূর্ণ কমিশনের সভায় ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মোঃ ফজলুল করিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিতি ছিলেন।
সভায় পে-কমিশনের এক সদস্য বলেন, ‘সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে। এর মধ্যে প্রথম প্রস্তাব ২১ হাজার টাকা বেতন স্কেল ধরা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার এবং সবশেষ তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে। এগুলো কেমন হবে তা এখনো চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাবনা আসেনি।’
এর আগে গত জুলাইয়ে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনকে ছয় মাসের (আগামী ১৪ ফেব্রুয়ারি) মধ্যে সুপারিশ জমা দেয়ার জন্য বলা হয়।