ঘোষিত ধর্মঘট প্রত‍্যাহার করলেন এলপিজি ব‍্যবসায়ীরা

লেখক: প্রতিধ্বনি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

সারাদেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব‍্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এর আগে গতকাল বুধবার এলপি গ‍্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেয়।

অনুষ্ঠিত বৈঠকে নেতারা সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করাসহ গ্যাস বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

এসময় চলমান অভিযানের বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ।

তিনি আরও বলেন, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে যে, জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সরবরাহ সংকট কিছুটা স্বাভাবিক হতে পারে।

এদিকে সংগঠনের সভাপতি সেলিম খান বলেন, ‘অপারেটরদের কাছ থেকে সিলিন্ডার কিনতেই তাঁদের ১ হাজার ৩০০ টাকার বেশি দিতে হচ্ছে। ফলে ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাঁদের পক্ষে সম্ভব নয়।’

এ বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘জানুয়ারি মাসের জন্য নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার বেশি দামে পণ্য বিক্রির কোনো যুক্তি নেই।’

আরও পড়ুন  দ্বিতীয়বারের মত ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ ঘোষণা
  • এলপিজি গ্যাস
  • দামবৃদ্ধি
  • ধর্মঘট
  • প্রত্যাহার
  • সিলিন্ডার