ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে যাবে কি না এ বিষয়ে বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা।
এসময় তিনি বলেন, ‘এই পজিশনে আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো হৃদ্যতার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলংকা, আমরা সেখানে খেলতে চাই।’
বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘খেলোয়াড়দের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, আমাদের সাংবাদিকেরা আছেন, আমাদের ক্রিকেট স্পনসররা আছেন, আমাদের ক্রিকেটপ্রেমীরা আছেন, অনেকেই খেলা দেখতে যাবেন। সমস্ত সিকিউরিটি তো ক্রিকেট বোর্ডের পক্ষে দেওয়া সম্ভব নয়। এ জন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি। আমাদের যেকোনো বিদেশ সফরের সময় গভর্নমেন্ট অর্ডার (জিও) লাগে। সেই অর্ডারের অবস্থাটা আমরা জানতে এসেছিলাম। আমরা এখন জেনে গিয়েছি যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করে যাব।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচ ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সম্প্রতি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে এই ম্যাচগুলো।
এরপ র বিসিবি ভারতে খেলোয়াড় এবং বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ থেকে যাওয়া অন্যদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছিল। চিঠিতে ভারতে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ করা হয়।
বিসিবির ই-মেইলের জবাবে আইসিসি গতকাল পাল্টা ই-মেইল দিয়ে বিসিবিকে জানিয়েছে, ভারতের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ যে শঙ্কা প্রকাশ করছে, সে রকম কোনো শঙ্কার কারণ নেই। আইসিসির পক্ষ থেকে ভারতে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ই-মেইলে।
এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ‘আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয়নি।’