চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে জামিন দিয়েছে আদালত। আজ সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১–এর বিচারক অমিত কুমার দে চার সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুরের পাঁচ ঘণ্টা আগে বেলা একটার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড আদেশ দেন। এ আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. মান্নান জানান, দুপুরে শুনানি শেষে সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে বিকেলেই রিমান্ড আদেশের বিরুদ্ধে আপিল করা হয়। এরপর অতিরিক্ত জেলা দায়রা জজ-১–এর বিচারক অমিত কুমার দে আসামির জামিন মঞ্জুর করেন।
এর আগে সকাল থেকেই সুরভীকে আজ আদালতে তোলা হবে শুনে তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে জড়ো হন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। এসময় অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে সারাদেশে ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। এজলাসে শুনানি শেষে বিচারক সুরভীর রিমান্ড মঞ্জুর করলে এজলাসের ফটকে বিক্ষোভ করতে থাকেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।
পুলিশ জানায়, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় সুরভীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন নাইমুর রহমান নামের এক সাংবাদিক। পরে এ মামলায় গত ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুরের টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
মামলায় উল্লেখ আছে, সুরভী অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেলিং কার্যক্রমে জড়িত ছিলেন। এছাড়াও তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলেও অভিযোগ রয়েছে।