
ভেনেজুয়েলায় বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদানের ঘোষণা দিয়েছে ইন্টারনেট পরিষেবাদাতা কোম্পানি স্টারলিংক। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠান জানিয়েছে, এ পরিষেবা অব্যাহত থাকবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্র বিবিসি।
রোববার (৪ জানয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি জানিয়েছে বর্তমানে বিশ্বের সেরা ইন্টারনেট পরিষেবা কোম্পানি স্টারলিংক। এক্সে করা পোস্টে লেখা ছিল, ‘এখন থেকে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণ বিনামূল্যে এবং নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট পরিষেবা ভোগ করবেন। স্টারলিংক এই মর্মে নিশ্চয়তা দিচ্ছে যে ইন্টারনেট সংযোগে কোনো ব্যাঘাত ঘটবে না।’
সরকারের কঠোর নিষেধাজ্ঞা, ঘন ঘন লোডশেডিং এবং নিম্নগতির কারণে ভেনেজেুয়েলার ইন্টারনেট পরিষেবার মান খুব খারাপ ছিল। এমন সময়ে স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি স্টারলিংকের এ ঘোষণা ভেনেজুয়েলার জনগণের জন্য কিছুটা স্বস্তিদায়ক।
গতকাল শনিবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে বন্দি আছেন তারা।